দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় তিনি প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার জানা গেল তার বিয়ের খবর। নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে বিচ্ছেদের এক যুগ পর বিয়ে করলেন এই অভিনেত্রী।
যদিও তার বিয়ে হয়েছে দেড় বছর আগেই। এত দিন বিষয়টি গোপন রেখেছিলেন অভিনেত্রী। এমনকি স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করলেও তার মুখ আড়ালে রাখতেন, দিতেন প্রেমিকের পরিচয়। এর আগে ২০২৩ সালের নভেম্বরে সোহানা সাবার নতুন প্রেমের খবর প্রকাশ্যে আসে। তখন প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও সঙ্গীর পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি। দীর্ঘ সেই প্রেমের সম্পর্কই শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে। সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তার সম্পর্ক ছিল প্রায় সাড়ে পাঁচ বছরের। সম্পর্কের একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। যদিও বিয়ের তারিখটা গোপন রেখেছেন অভিনেত্রী।
বিয়ের পর নিজের বর্তমান জীবন নিয়ে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’
ফয়সালের সঙ্গে পরিচয় ও সম্পর্কের শুরু প্রসঙ্গে সাবা জানান, প্রথম দেখাতেই তার মনে হয়েছিল, এই মানুষটির জন্যই হয়তো তিনি এতদিন অপেক্ষা করেছিলেন। তবে নিজের অনুভূতির কথা তখন প্রকাশ করেননি। পরে ফয়সাল নিজেই যোগাযোগ করে ভালোবাসার কথা জানালে তিনি সম্মতি দেন।
স্বামীর পরিচয় সম্পর্কে শুরুতে বিস্তারিত জানাতে না চাইলেও পরে তার নাম ফয়সাল বলে জানান সোহানা সাবা। তিনি শুধু জানিয়েছেন, ফয়সাল ব্যবসার সঙ্গে যুক্ত এবং নিজের অঙ্গনে পরিচিত। এর বেশি ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে চাননি তিনি।
এর আগে নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় এক দশক সংসার করেছেন সোহানা সাবা। তাদের একটি সন্তান রয়েছে। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে নতুন করে জীবন গুছিয়ে নেন তিনি। সেই সময়ই ফয়সালের সঙ্গে তার পরিচয় ও সম্পর্কের শুরু।
টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া সোহানা সাবা পরে চলচ্চিত্রেও কাজ শুরু করেন। কবরী পরিচালিত ‘আয়না’ ছবির শুটিংয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু হলেও মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ আগে মুক্তি পায়। এরপর ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
ভারতেও কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন সোহানা সাবা। তার অভিনীত উল্লেখযোগ্য ভারতীয় ছবির মধ্যে রয়েছে ‘ষড়্রিপু’ ও ‘এপার–ওপার’। এছাড়া আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

