৮৩ বছর বয়সেও টানা ২৪ ঘণ্টা শুটিং!

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৮:২৫

বয়স ৮৩, তবু কাজের ব্যস্ততায় একটুও ছেদ পড়েনি বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের। বয়সের সংখ্যাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক প্রজেক্টে টানা কাজ করে চলেছেন এই মেগাস্টার। সম্প্রতি টানা ২৪ ঘণ্টা শুটিং করার অভিজ্ঞতার কথা নিজের ব্লগে জানিয়েছেন এই কিংবদন্তি অভিনেতা।

অতিরিক্ত ব্যস্ততার কারণে নিয়মিত ব্লগ লেখার অভ্যাসেও সাময়িক বিরতি পড়েছে বলে জানান অমিতাভ। ভক্তদের কাছে ক্ষমা চেয়ে ‘বিগ বি’ লিখেছেন, ‘গত কয়েক দিন ধরে কাজের সময় এবং কাজের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিজের জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয়নি।’

অমিতাভ জানান, সম্প্রতি তার শুটিং শিফট শুরু হয়েছে সকাল ৭টায় এবং শেষ হয়েছে পরদিন সকাল ৭টায়। অর্থাৎ একটানা পুরো ২৪ ঘণ্টা তিনি শুটিং ফ্লোরেই কাটিয়ে দিয়েছেন। আর এমন ব্যস্ত শিফটের কারণে স্বাভাবিক জীবনযাত্রার ছন্দে ছেদ পড়েছে; খাওয়া এবং ঘুমকেও আপাতত দূরে সরিয়ে রাখতে বাধ্য হয়েছেন তিনি।

বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন

তবে এতটা শারীরিক পরিশ্রমের কারণ হিসেবে নিজের দায়িত্ববোধকেই সামনে এনেছেন অমিতাভ। তার ভাষায়, কাজের প্রতি দায়বদ্ধতাই সবার আগে এবং সেখানে কোনো ধরনের আপস করতে চান না তিনি।

বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর ১৮তম মৌসুমের সঞ্চালনার পাশাপাশি অন্যান্য পেশাগত কাজেও ব্যস্ত সময় পার করছেন অমিতাভ। একাধিক কাজের চাপেই তার শুটিং সূচি এতটা ব্যস্ত হয়ে উঠেছে বলে জানা গেছে।

দীর্ঘ অভিনয়জীবনে কাজের প্রতি অমিতাভ বচ্চনের নিষ্ঠা বরাবরই আলোচিত। বছরের শুরুতেও এক পোস্টে তিনি জানিয়েছিলেন, কোনো দিন কাজ না থাকলে তার অস্বস্তি হয়। নিয়মিত কাজের মধ্যেই তিনি নিজের জীবনের ছন্দ খুঁজে পান।

৮৩ বছর বয়সেও সেই অভ্যাসে কোনো পরিবর্তন আসেনি। বরং বয়সকে উপেক্ষা করে এখনও নিয়মিত কাজ করে চলেছেন বলিউডের এই বর্ষীয়ান তারকা।

ইত্তেফাক/এসজেএস