উখিয়ায় অপহরণের এক মাস পর দুই মাদ্রাসাছাত্র উদ্ধার

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১০:২১

কক্সবাজারের উখিয়ায় অপহরণের প্রায় এক মাস পর দুই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার থাইংখালী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো—থাইংখালী এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে শফিকুল (১৩) ও শহিদুল (১১)। তারা সম্পর্কে দুই ভাই।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে থাইংখালী এলাকার নিজ বাড়ি থেকে দুই ভাই শফিকুল ও শহিদুল অপহৃত হয়। এরপর তাদের উদ্ধারে অভিযান ও অনুসন্ধান শুরু করে পুলিশ।

পুলিশের ভাষ্য, দীর্ঘ প্রায় এক মাসের অনুসন্ধানের পর মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আজাদ বলেন, অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, দুই শিক্ষার্থীকে কোনো মুক্তিপণ ছাড়াই উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দুই সন্তানকে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরেছে। শিশু দুটিকে উদ্ধারে সহযোগিতা করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

ইত্তেফাক/এএইচপি