এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৬:৪৭

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় মন্ত্রী বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আবির্ভাবসহ নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। পুরোনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। তাই তরুণদের হাতে সঠিক জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব।’

‘২০২৬-ডিফারেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্‌যাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানবসভ্যতার জন্য বড় আশীর্বাদ হলেও এর সঙ্গে সম্পূর্ণ নতুন কিছু চ্যালেঞ্জও তৈরি হয়েছে। প্রযুক্তি ও জ্ঞানের বিবর্তন এত দ্রুত ঘটছে যে আগামী দিনের পরিস্থিতি কেমন হবে, তা আগে থেকে ধারণা করা কঠিন।’

মন্ত্রী বলেন, ‘জ্ঞান এখন আর নির্দিষ্ট বা স্থির কোনো বিষয় নয়, তা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পুরোনো প্রজন্মকে অনুধাবন করতে হবে-এই নতুন ইকোসিস্টেমে মানিয়ে নেওয়ার জৈবিক ও সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি।’

তরুণদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কর্মসংস্থান, খাদ্যনিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো সমস্যার সঙ্গে প্রযুক্তিনির্ভর নানা নতুন সংকট যুক্ত হচ্ছে। কিন্তু তরুণদের নতুন প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা দেওয়ার উপযুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখনো বৈশ্বিকভাবে পূর্ণাঙ্গ রূপ পায়নি।’

জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে তরুণদের কেন্দ্র করে নতুন জ্ঞানের রূপান্তর ও দক্ষতা অর্জনের প্রক্রিয়ায় বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘সরকারের বিভিন্ন পদক্ষেপে প্রমাণিত হয়েছে, প্রধানমন্ত্রী তরুণদের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখেন। ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার ইতিবাচক ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিচ্ছে।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিদেশি অতিথি, ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 
ইত্তেফাক/এসএইচ