পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বহনকারী হেলিকপ্টারে মাঝপথে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। মঙ্গলবার (১১ আগস্ট) কেশপুরের একটি সভায় যোগ দিতে যাওয়ার পথে কোলাঘাটের একটি খেলার মাঠে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। পরে সেখান থেকে সড়কপথে সভাস্থলের উদ্দেশে রওনা দেন তিনি।
জানা গেছে, মঙ্গলবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে কেশপুরের উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী। পথে হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
এদিকে, পশ্চিম মেদিনীপুরে তখন আবহাওয়া খারাপ থাকায় সেখানে হেলিকপ্টারটি অবতরণ করানো সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় হেলিকপ্টারটি ফিরে এসে কোলাঘাটের একটি খেলার মাঠে জরুরি অবতরণ করা হয়।
এরপর সড়কপথে কেশপুরের অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী।
কেশপুরের সভায় পৌঁছে হেলিকপ্টার জরুরি অবতরণের প্রসঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রচণ্ড দুর্যোগের কারণে কোলাঘাটে অবতরণ করতে হয়েছে। তবে কেশপুরে তাকে আসতেই হতো। এ কারণে কিছুটা দেরিতে সভায় পৌঁছেছেন তিনি।

