চট্টগ্রামের সাতকানিয়ায় এসএসসি পরীক্ষার ফল দেখতে বাসা থেকে বের হয়ে মোহাম্মদ আল তাওয়াফ আদিল (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করইয়ানগর এলাকার আশরাফ সেরেস্তাদারের বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পরিবার।
সর্বশেষ বুধবার রাতে দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি এবং প্রকাশিত ফলাফলে সে এক বিষয়ে ফেল করেছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
নিখোঁজ আদিল করইয়ানগর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। নিখোঁজের ঘটনায় তার বাবা মোহাম্মদ আওরঙ্গজেব ডালিম সাতকানিয়া থানায় একটি নিখোঁজের ডায়েরি (জিডি) করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বেলা ১১টার দিকে আদিল বাসা থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে আর ফিরে আসেনি। দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোরের বাবা বলেন, আমার ছেলে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। প্রথমে সে বাসায় বসে রেজাল্ট জানানোর চেষ্টা করে। পরে তার মাকে রেজাল্ট স্কুলে গিয়ে দেখে আসবে বলে বের হয়। বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি আদিল। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজখুঁজি করেছি, কিন্তু এখনও কোনো সন্ধান পাইনি। ছেলের কোনো বিপদ হয়েছে কি না, তা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি। কেউ তার সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আদিলের সন্ধানে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। একই সঙ্গে তাকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মোহাম্মদ আল তাওয়াফ আদিল নামে এক কিশোর নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় কাজ করছে।

