পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অভ্যন্তরে এটোমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রকল্প সূত্রে জানা গেছে, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজে নিয়োজিত এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কোম্পানির কার্যালয়েই তাঁর মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

