খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১১:১২

খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগের একটি টহল দল। এ সময় এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, চেঙ্গি স্কয়ার এলাকায় বস্তাভর্তি গুইসাপ রাখা হয়েছে—এমন খবর পেয়ে বন বিভাগের একটি টহল দল সেখানে অভিযান চালায়। রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহজনক পাঁচটি বস্তায় তল্লাশি চালানো হয়। পরে সেগুলো থেকে মোট ২৪টি গুইসাপ উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া গুইসাপের মধ্যে ১৪টি আগেই মারা গিয়েছিল। বাকি জীবিত ১০টি গুইসাপ উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।

আটক নারী প্রেমস্রাসো মারমা (৪৭) জানান, তাঁর বাড়ি জেলার পানছড়িতে। চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট থেকে তিনি ১০ হাজার টাকায় ২৪টি গুইসাপ কিনে এনেছিলেন বিক্রির জন্য। তিনি আরও জানান, খাগড়াছড়িতে প্রতি কেজি গুইসাপের মাংস ৪০০ টাকা দরে বিক্রি করা হয় এবং স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু মানুষ এ মাংসের ক্রেতা।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, উদ্ধার হওয়া জীবিত ১০টি গুইসাপ বুধবার রাতেই আলুটিলা সংলগ্ন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। মৃত ১৪টি গুইসাপ মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, আটক নারীর বিরুদ্ধে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএইচপি