নব্য জেএমবির আস্তানা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলা

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ২০:১৩

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক মোহাম্মদ আরিফ ওরফে ইমরানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি সাইফুল আলম। এর আগে বুধবার রাতে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের (সিটিটিসি) উপপরিদর্শক মো. আলমগীর হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে আরিফ ওরফে ইমরান (২৬), নাজমুল হাসান মামুন (৩২), আক্কাস আলী (৩০), কামাল হোসেন ডাক্তার (৪৫), রাখী (৩০) ও রাকিব (৩০) এর নাম রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট রাতে সাভার ট্যানারি এস্টেটের পশ্চিম দেয়ালসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় নব্য জেএমবির সদস্যরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হন। সেখানে অভিযান চালিয়ে আরিফকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান।

পরে আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের বাড়িতে ভাড়া নেওয়া একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে ৯৮ শতাংশ ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম নাইট্রেট, আইইডি তৈরির ডেটোনেটর, রিমোট কন্ট্রোলার, ভোল্টমিটার, জিপারে ভর্তি বিয়ারিং বলসহ প্রায় আড়াই ডজন সরঞ্জাম জব্দ করা হয়।

এ ছাড়া বাসা থেকে উদ্ধার হওয়া ১০টি তৈরি তাজা পাইপ বোমা জননিরাপত্তার স্বার্থে বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলেই ধ্বংস করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ জানান, গ্রেপ্তার আরিফকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে সিটিটিসি, র‍্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) একাধিক দল যৌথভাবে কাজ করছে বলেও জানান তিনি।

ওসি সাইফুল আলম বলেন, শ্যামপুরের ঘটনায় ছয়জন এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে বুধবার বনগাঁওয়ের গোপেরবাড়ি এলাকা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধারের ঘটনায়ও অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনকে আসামি করে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গত ১২ দিনে সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি এলাকা থেকে ১৬টি শক্তিশালী বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। উদ্ধার করা বোমার সঙ্গে জেএমবির লিফলেট পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

ইত্তেফাক/এপি