শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপন তৎপরতা, ঢাবির ৫৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ২১:০০

ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে সক্রিয় করার লক্ষ্যে ‘রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালামকে আহ্বায়ক করে কমিটিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোফাজ্জল হোসেন ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ইকরামুল হক।

জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগকে সক্রিয় করার লক্ষ্যে তৎপরতা চালানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে।

অভিযোগগুলো খতিয়ে দেখতে গঠিত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। অভিযোগের বিষয়ে পর্যালোচনা শেষে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি।

এর আগে দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড বা সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে এ ধরনের কমিটি গঠন করা হয়েছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ৫৮ শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুনির্দিষ্ট তথ্য বা তাদের কথিত ‘রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার’ ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইত্তেফাক/এসএ