ভারত, জাপানসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগদান করবেন কি-না, এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, ‘ব্রিকস তো অনেক দেরি। এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন আর সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে। সবকিছু নিয়েই দেশের ইন্টারনালি আমাদের অনেক কর্মসূচি আছে, সেগুলোর কাজ চলছে। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে। সেই জায়গা থেকে সরকার ব্যস্ত আছে, প্রধানমন্ত্রীও ব্যস্ত আছেন। তার মধ্যেই যদি সবকিছু মিলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব দেশেই সফর হবে।’ তিনি বলেন, সব দেশ সফরের ক্ষেত্রেই সরকার পজিটিভ আছে। কিন্তু এটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়ের ওপর এবং দুই দেশের আলোচনার কতটুকু এগোচ্ছে সেটার ওপর।
বাংলাদেশ-ভারতের সম্পর্কের প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয় তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা এবং আমরা তো আগেই বলেছি যে, একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না।’
তিনি বলেন, ‘জুলাই এখনো মানুষের মনে জাগ্রত আছে। রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গাটা থেকে অবশ্যই আমাদের সংবেদনশীল হতে হবে। কিন্তু যখন দুই দেশের প্রধান বসবে দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে। অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং সেটা ভারতও যেন মনে রাখে সেটাই আমরা আশা করি।’
তিনি বলেন, এখনো কোনো সফর চূড়ান্ত হয়নি। বিভিন্ন কাজে প্রধানমন্ত্রী এখন ব্যস্ত আছেন এবং ভারত সফরসহ অন্যান্য সফর কোনো কিছুই এখনো ফাইনাল হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সঙ্গে আলোচনা করে ফাইনাল হবে।
‘বে-টার্মিনাল নিয়ে প্রস্তাব দিয়েছে সিংগাপুর’
সিংগাপুর সরকার চট্টগ্রাম বন্দরে একটি বে-টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছে, যা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সদ্য সিংগাপুর সফর শেষে ঢাকায় ফেরা শামা ওবায়েদ বলেন, সিংগাপুরে আরো বেশি দক্ষ জনশক্তি রপ্তানি, বাণিজ্য ঘাটতি কমানো এবং বড় প্রকল্পে বিনিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

