একই সময়ে উত্তর আমেরিকার চার শহরে চার ফোবানা

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৪:২৬

উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা ‘ফোবানা’ এবার একই সময়ে চারটি পৃথক আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের তিনটি এবং কানাডার একটি শহরে এসব সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনগুলো হবে টরন্টো, নিউইয়র্ক, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায়।

এর মধ্যে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪০তম ফোবানা সম্মেলন ২০২৬’। এ উপলক্ষে স্কারবরোতে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের প্রস্তুতি, কর্মসূচি ও বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা। এতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর টরন্টোর ডন ভ্যালি হোটেল অ্যান্ড রিসোর্টে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ সোসাইটি এসসি ও ওসাক কানাডা।

গত ১২ আগস্ট স্থানীয় একটি রেস্তোরাঁয় টরন্টো ফোবানার আয়োজক কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আবু জুবায়ের দারার নেতৃত্বে গঠিত কমিটি সম্মেলন সফল করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আয়োজক কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে সম্মেলনের প্রস্তুতি, সাংস্কৃতিক আয়োজন ও অতিথিদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পরে কেক কেটে ফোবানার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা ও বাংলাদেশ থেকে আগত শিল্পীরা অংশ নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন জুয়েল আইচ, সাজেদ আকবর, সেলিম চৌধুরী, ডলি শায়ন্তী ও ফকির শাহাবুদ্দিন। এ ছাড়া কানাডার স্থানীয় আরও কয়েকজন শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান আয়োজকেরা।

আয়োজকদের প্রত্যাশা, তিন দিনব্যাপী এ সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা আরও প্রাণবন্ত হয়ে উঠবে। একই সঙ্গে উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও জোরদার হবে।

টরন্টোর আয়োজকেরা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সংযোগ তৈরি করাও এবারের সম্মেলনের অন্যতম লক্ষ্য। এ জন্য সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, একই সময়ে উত্তর আমেরিকার টরন্টো, নিউইয়র্ক, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় ‘ফোবানা’ নামে চারটি পৃথক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। ফলে ২০২৬ সালের ফোবানা সম্মেলন ঘিরে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।

ইত্তেফাক/এএইচপি