দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স সূত্রের বরাতে জানানো হয়েছে, উদ্ধার অভিযান এখনো চলায় মৃতের এই সংখ্যা প্রাথমিক বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) ভোরের দিকে নাবাতিয়ে জেলার আনসার শহরের উপকণ্ঠ এবং নাবাতিয়ে আল-ফাওকার আশপাশের এলাকায় তিনটি পৃথক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
একই সঙ্গে দক্ষিণ লেবাননের বিনত জবেইল এবং সংলগ্ন গ্রামগুলোতে বসতবাড়ি ধ্বংস ও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, ভোরে বিনত জবেইল শহরের একাধিক বসতবাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় এবং কুনিন-সাফ আল-হাওয়া সড়কের আবাসিক এলাকা লক্ষ্য করে ভারী মেশিনগান থেকে গুলি চালানো হয়।
এর আগে মধ্যরাতের কিছু আগে টায়ার জেলার আল-মানসুরি শহরের আল-মাশা এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।
সূত্র: মিডল ইস্ট আই

