ভোর থেকে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারের সঙ্গে বোমাসদৃশ বস্তু ঝুলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্ট মোড় এবং ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
তবে পুলিশ জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই এগুলো বোমা নয়।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে বক্স আকৃতির একটি বস্তু দেখতে পান স্থানীয়রা। বস্তুটিকে বোমাসদৃশ মনে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমতে থাকে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় বক্সটি নামিয়ে পানি ভর্তি একটি বালতির মধ্যে রাখা হয়। কিছুক্ষণ পর ব্যাটারির সঙ্গে যুক্ত তারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বক্সটি খুলে দেখা যায়, সেটি মূলত একটি সাউন্ড বক্স।
এরপর শহরের কোর্ট মোড় এবং ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে আরও দুটি একই ধরনের বস্তু‘ ঝুলিয়ে রাখার খবর পাওয়া যায়। পরে কোর্ট মোড়ের বস্তুটিও উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টা থেকে পার্কের সামনে রাখা বক্সটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বক্সটি নামিয়ে আনে। উদ্ধার করা তিনটি বস্তুই থানায় নেওয়া হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো বোমা নয়। বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা এগুলো রেখেছে, তা অনুসন্ধান করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

