বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৭:৩৭

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছে ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’ এর দ্বিতীয় কিস্তি ‘আওয়ারাপন ২’। ১৪ আগস্ট মুক্তির পর প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। প্রথম দিনে ভারতে সিনেমাটির আয় হয়েছে ২১ কোটি রুপি নেট। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখ রুপি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিনে ভারতের ৯ হাজার ৩৩টি প্রদর্শনীতে ‘আওয়ারাপন ২’এর গড় দর্শক উপস্থিতি ছিল ৪৫ দশমিক ৭৩ শতাংশ। দিল্লি-এনসিআর অঞ্চলে দর্শক উপস্থিতি ছিল ৫৮ দশমিক ৫ শতাংশ এবং মুম্বাইয়ে ৩৯ দশমিক ৫ শতাংশ।

একই দিনে মুক্তি পাওয়া সানি দেওল ও প্রীতি জিনতার ‘বাটওয়ারা ১৯৪৭’-কেও পেছনে ফেলেছে ‘আওয়ারাপন ২’। প্রথম দিনে ‘বাটওয়ারা ১৯৪৭’ বিশ্বব্যাপী আয় করেছে ৮ কোটি ৩৪ লাখ রুপি।

দ্বিতীয় দিনেও ভালো ব্যবসা করেছে ইমরান হাশমি অভিনীত সিনেমাটি। শনিবার বিকেল ৪টা ৪১ মিনিটের সর্বশেষ আপডেট অনুযায়ী, দ্বিতীয় দিনে ভারতে সিনেমাটির আয় হয়েছে ১২ কোটি ৬০ লাখ রুপি। এতে দেশটিতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১ কোটি ২৭ লাখ রুপি। ফলে খুব শিগগিরই সিনেমাটি ৫০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ‘আওয়ারাপন ২’-এর সাফল্যের মধ্যেই তৃতীয় কিস্তির ইঙ্গিত দিয়েছেন ইমরান হাশমি। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ারাপন’ নির্মাতাদের চেয়ে দর্শকদের সিনেমা বেশি। দর্শকদের ভালোবাসার কারণেই দ্বিতীয় কিস্তি তৈরি হয়েছে। এরপর তিনি আশা প্রকাশ করেন, ‘আওয়ারাপন ৩’ খুব শিগগিরই আসবে।

তবে এখনো ‘আওয়ারাপন ৩’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম ‘আওয়ারাপন’ বক্স অফিসে ব্যর্থ হলেও পরবর্তী সময়ে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং কাল্ট সিনেমার মর্যাদা অর্জন করে। প্রায় দুই দশক পর নির্মিত দ্বিতীয় কিস্তিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, পুরাণ গাব্বি ও অনিরুদ্ধ রাওয়ালসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন নীতিন কক্কর।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

ইত্তেফাক/এসজে