আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০০:৩৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে তাদের মধ্যে একজনের মৃত্যু মদপানের কারণে হয়েছে বলে পুলিশ নিশ্চিত করলেও অপরজনের পরিবার দাবি করেছে, তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী এলাকায় মদপানের পর অসুস্থ হয়ে পড়েন মুসা (৩৬) ও লোকমান (২২)। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুসাকে মৃত ঘোষণা করেন। 

লোকমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

নিহত মুসা ডহর মারুয়াদী এলাকার সিদ্দিকের ছেলে এবং লোকমান একই এলাকার আলকাজের ছেলে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ঢাকা মেডিকেলে মারা যাওয়া লোকমানের মৃত্যু মদ্যপানজনিত কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে মুসার পরিবার তার মৃত্যুতে মদপানের বিষয়টি অস্বীকার করে দাবি করছে, তিনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। 

ওসি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

 
ইত্তেফাক/এমএস