রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারীসহ ৪ জনের মৃত্যু, আহত ২

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১০:১৫

রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে নারীসহ চারজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি শহরের কল্যাণপুর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ (চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) নিহত হন এবং এবং হাসপাতালে নেওয়ার পথে শোভা চাকমা (৫২) মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনী আহতদের দ্রুত উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে গুরুতর আহত শোভা চাকমা (৫২)-কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়। এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও অপর যাত্রী সুমন চাকমা (৪৫)-কে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে শোভা চাকমা নামের একজনের মৃত্যু হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এদিকে এ দুর্ঘটনার সংবাদ পেয়ে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান নিহত ও আহতদের দেখতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে যান। এ সময় তিনি স্বজনদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

ইত্তেফাক/আইএ