হলিউড বক্স অফিসে তৃতীয় সপ্তাহেও শীর্ষস্থান ধরে রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। শুক্রবার শুধু উত্তর আমেরিকার বাজারে সিনেমাটি ১ কোটি ৯০ লাখ ডলার আয় করেছে। সপ্তাহান্ত শেষে এর আয় প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ার্নার ব্রাদার্সের সায়েন্স ফিকশন থ্রিলার ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। মুক্তির প্রথম দিনে উত্তর আমেরিকার ৩ হাজার ৪৪৬টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি আয় করেছে ৮১ লাখ ডলার।
প্রতিদ্বন্দ্বী স্টুডিওগুলোর হিসাবে, রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর আয় প্রায় ১ কোটি ৮৭ লাখ ডলারে দাঁড়াতে পারে। ৮ কোটি ডলারের বেশি বাজেটের সিনেমাটির জন্য এ সূচনা কিছুটা দুর্বল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে বক্স অফিসে শুরুটা প্রত্যাশার তুলনায় কম হলেও দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে সিনেমাটি। রটেন টমেটোসে এর স্কোর ৮৪ শতাংশ এবং সিনেমাস্কোরের দর্শক জরিপে পেয়েছে ‘বি’ গ্রেড। ফলে দীর্ঘ সময় প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখতে পারলে বড় বাজেটের চাপ সামাল দেওয়ার সুযোগ রয়েছে সিনেমাটির।
‘ইট ফলোজ’খ্যাত নির্মাতা ডেভিড রবার্ট মিচেল ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন। সিনেমার গল্পে দেখা যায়, শহরতলির একটি পরিবারের বসবাসের এলাকা হঠাৎ করেই প্রাগৈতিহাসিক যুগে চলে যায়। এতে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা, ক্রিশ্চিয়ান কনভেরি ও জর্ডান অ্যালেক্সা ডেভিস।
এ সপ্তাহান্তে মুক্তি পাওয়া আরেক আলোচিত সিনেমা ‘প প্যাট্রোল: দ্য ডাইনো মুভি’ শুক্রবার ৭৩ লাখ ডলার আয় করে তৃতীয় অবস্থানে রয়েছে। প্যারামাউন্টের অ্যানিমেটেড পারিবারিক সিনেমাটি সপ্তাহান্তে প্রায় ২ কোটি ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে তৃতীয় সপ্তাহান্তে এসে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুক্রবার ১ কোটি ৯০ লাখ ডলার আয় করেছে। সপ্তাহান্তে সিনেমাটির আয় প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছাতে পারে, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৫৩ শতাংশ কম।
তবে এই আয় যোগ হলে উত্তর আমেরিকায় সিনেমাটির মোট আয় প্রায় ৭৮ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছাবে।
অন্যদিকে বক্স অফিসে ভালো অবস্থান ধরে রেখেছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি পঞ্চম সপ্তাহান্তের শুক্রবারে আরও ৬৫ লাখ ডলার আয় করেছে। সপ্তাহান্ত শেষে সিনেমাটির আয় প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার হতে পারে। এতে উত্তর আমেরিকার বাজারে এর মোট আয় দাঁড়াতে পারে প্রায় ৫০ কোটি ৪০ লাখ ডলারে।

