দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, লালমনিরহাটে মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন ও পুনরুদ্ধারের লক্ষ্যে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু হবে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা শহরের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের নবনির্মিত ছয়তলা অ্যাকাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘সীমান্তবর্তী অবস্থানের কারণে লালমনিরহাটে মাদক প্রবেশের ঝুঁকি রয়েছে। তাই মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করলেই হবে না; একই সঙ্গে মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক সচেতনতা কার্যক্রমকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।’
ত্রাণমন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।’
মাদক প্রতিরোধে গঠিত ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া, ঘুস ও দুর্নীতিসহ বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়ানো হচ্ছে। ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা গেলে সামাজিক অপরাধ প্রতিরোধে জেলায় একটি দৃষ্টান্ত স্থাপন সম্ভব হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘শুধু বিদ্যুতের আলোয় জেলা আলোকিত করা নয়; বরং মানুষের বিবেক, মূল্যবোধ ও মানবিকতাকে জাগ্রত করা। পরিবারে শান্তি প্রতিষ্ঠা এবং সমাজে অপরাধ ও অসংগতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাই এ সংগঠনের মূল লক্ষ্য।’

