ফেনীর দাগনভূঞা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পথচারীদের ওপর উল্টে পড়েছে। এতে এক স্কুলশিক্ষার্থী নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) বিকেলে সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রীর নাম সুমাইয়া (১১)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস তাদের ওপর উঠে যায়। এতে কয়েকজন শিক্ষার্থী বাসের নিচে আটকা পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাসের নিচে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করেন এবং ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। এরমধ্যে সুমাইয়াকে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন ও শিক্ষার্থীরা বাস ও চালককে আটকে রাখেন।
দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

