তালায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নারীসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ২১:৫৭

সাতক্ষীরার তালায় একটি ভাড়া বাসায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো- কপিলমুনি এলাকার কাশিমনগর গ্রামের দেবব্রত বিশ্বাসের পুত্র অনুপম কুমার বিশ্বাস ওরফে অনুপ (৩৬) এবং একই গ্রামের সত্যজিৎ হালদারের স্ত্রী শিপ্রা বিশ্বাস (৩২)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, চিকিৎসার নামে তালা উপজেলার মোবারকপুর এলাকার একটি ভাড়া বাসায় এনে খুলনার কয়রা উপজেলার ঘুঘরাকাটি গ্রামের গৃহবধূ (৪০)-কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়। মামলার পর থেকে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় রবিবার কপিলমুনি এলাকায় অভিযান চালিয়ে অনুপ কুমার বিশ্বাস ও শিপ্রা বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে পুলিশ।

তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। আরেক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দীক দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ।
 
উল্লেখ্য, ডাক্তার দেখানোর কথা বলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ঐ নারীকে তালা উপজেলার মোবারকপুর এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে তাকে কৌশলে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। উক্ত ঘটনায় ভুক্তভোগী নারী শুক্রবার (১৪ আগস্ট) তালা থানায় একটি মামলা দায়ের করে (যার মামলা নং ১০)।

 
ইত্তেফাক/এমএএম