চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে নৌ পুলিশ। রোববার (১৬ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাটে নৌ থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন ভোলার লালমোহন উপজেলার আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার সিংপাড়া এলাকার মোসাম্মৎ আছমা (৩৪)।
নৌ পুলিশ জানায়, অভিযানের সময় আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে মুন্সিগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, ‘এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

