ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, কানে ছিল হেডফোন

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০০:৫৮

কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মো. ইলিয়াস (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাত আটটার দিকে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের বাড়ি আত্রাই উপজেলার চাপড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও সান্তাহার রেলওয়ে থানা–পুলিশ সূত্রে জানা যায়, রাত আটটার দিকে ইলিয়াস শাহাগোলা রেলস্টেশন এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা রাজশাহীগামী 'তিতুমীর এক্সপ্রেস' ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক দুলাল হোসেন বলেন, রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ইলিয়াসের কানে হেডফোন ছিল। এ সময় পেছন থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএসআর