হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৬:২৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু। সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও প্রাণহানি হয়নি।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮১৬ শিশুর। হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯১৫ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৫০ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৮১। এই সময়ে ৯২৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৭৪টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের জানিয়েছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮, নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০।

 
ইত্তেফাক/আরএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন