দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৮:০৭

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। শুল্ক-করসহ জব্দ পণ্যের মোট মূল্য ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটের যাত্রী ও তাঁদের ব্যাগেজে বিশেষ নজরদারি চালায় সিআইআইডি।

অভিযানে যাত্রী এমডি মঈনুল আবদিনের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টন, মোট ২৬৪ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।

একই ফ্লাইটের আরেক যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে প্লাটিনামের ২৩৩ কার্টন ও মন্ডের ১৩ কার্টনসহ মোট ২৪৬ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।

এ ছাড়া নুরুল আলম রিয়াদের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন ও ইজি ব্র্যান্ডের সাত কার্টন, মোট ২৭২ কার্টন সিগারেট এবং পাঁচটি আইফোন উদ্ধার করা হয়।

অভিযানের সবচেয়ে বড় চালানটি পাওয়া যায় বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে। বিজি-১৪৮ ফ্লাইটে আসা মালিকানাবিহীন একটি ব্যাগেজ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট জব্দ করা হয়।

সিআইআইডির হিসাবে, সব মিলিয়ে এক ফ্লাইট থেকে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে।

জব্দ সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। এর ওপর ৬২১ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা। আর ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা। এসব মোবাইল ফোনের ওপর ৫৮ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।

সব মিলিয়ে জব্দ পণ্যের শুল্ক-করসহ মূল্য দাঁড়িয়েছে ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

সিআইআইডি জানিয়েছে, একই ফ্লাইটের একাধিক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আইফোন এবং মালিকানাবিহীন ব্যাগেজে আরও এক হাজারের বেশি কার্টন সিগারেট পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংস্থাটির দাবি, সাম্প্রতিক সময়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে এত বড় সিগারেটের চালান আটকের ঘটনা এটাই প্রথম।

একই ফ্লাইটে যাত্রীদের ব্যাগ ও মালিকানাবিহীন ব্যাগেজে বিপুল চালান পাওয়ায় চোরাচালানের সম্ভাব্য কৌশল ও দায় নির্ধারণে কোন তথ্য যাচাই জরুরি তা তদন্তের পরবর্তী দিক নির্দেশ করবে।

 
ইত্তেফাক/এসএ