ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭০ জন ডেঙ্গু রোগী।
সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৮১ জন। এ ছাড়া খুলনা বিভাগে ১৫৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৬, বরিশাল বিভাগে ১০২, চট্টগ্রাম বিভাগে ৯০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭, রাজশাহী বিভাগে ৫৭, ময়মনসিংহ বিভাগে ৫১ এবং রংপুর বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৮৪৮ জন।
এর মধ্যে আগস্ট মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৫৩৮ জন। জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং জুনে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৭১ জন। এর মধ্যে আগস্টে ১৭ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে জুলাই ও চলতি আগস্টে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

