ফেসবুক ও ইনস্টাগ্রামে আসছে বড় পরিবর্তন

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৯:২৩

শিশুদের মানসিক স্বাস্থ্য ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াসহ ৩০টি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে যে মামলা করেছে, সেটি এবার জুরি ট্রায়ালের মুখোমুখি হতে যাচ্ছে। সোমবার (১৭ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে বিচারক ইভন গনজালেস রজার্সের এজলাসে এই মামলার শুনানি শুরু হতে চলেছে। মামলায় মেটার বিরুদ্ধে ফেডারেল ও অঙ্গরাজ্যের শিশু সুরক্ষা আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে। বাদিপক্ষ এক ট্রিলিয়ন ডলারেরও বেশি জরিমানা চেয়েছে। একইসঙ্গে প্ল্যাটফর্মগুলোর কাজের ধরনে মৌলিক পরিবর্তন আনার দাবিও জানানো হয়েছে।

মামলায় বলা হয়েছে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের অ্যালগরিদম আর ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে শিশু ও তরুণরা অ্যাপে বেশি সময় ধরে আটকে থাকে এবং আসক্ত হয়ে পড়ে। অঙ্গরাজ্যগুলো চাইছে লাইক গণনা বন্ধ করা হোক, ইনফিনিট স্ক্রোল তুলে দেওয়া হোক, ভিডিওর স্বয়ংক্রিয় প্লেব্যাক বন্ধ করা হোক, অবাস্তব ইমেজ ফিল্টার বাদ দেওয়া হোক, একাধিক অ্যাকাউন্ট তৈরি নিষিদ্ধ করা হোক এবং ইনস্টাগ্রাম স্টোরিজের মতো নির্দিষ্ট সময় পর মুছে যাওয়া কনটেন্ট বাতিল করা হোক। অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য অভিভাবকদের যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক করারও আহ্বান জানানো হয়েছে।

মেটা শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, তারা তরুণ ব্যবহারকারীদের সহায়তায় দীর্ঘদিন ধরে কাজ করছে এবং আদালতে তাদের অবস্থান প্রমাণ করবে।

সম্প্রতি নিউ মেক্সিকোর এক আদালত মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে। সেখানে মেটাকে জনস্বার্থের জন্য ক্ষতিকর বলেও অভিহিত করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ৩০টি অঙ্গরাজ্যের এই যৌথ মামলায় মেটা হেরে গেলে যুক্তরাষ্ট্রে ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারের ধরনে বড় ধরনের স্থায়ী পরিবর্তন আসতে পারে।

ইত্তেফাক/এবিএস