জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার, ছেলে-পুত্রবধূ আটক

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ২২:৫৪

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কা দেওয়ার পর মাটিতে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃদ্ধার ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম রেজিয়া খাতুন (৮২)। তিনি ওই গ্রামের মৃত কাজিমুদ্দিনের স্ত্রী। আটকরা হলেন- বৃদ্ধার ছেলে দুলাল মিয়া ও পুত্রবধূ হোসনে আরা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশের পারিবারিক জমি নিয়ে রেজিয়া খাতুনের সঙ্গে তার ছেলে দুলাল মিয়া ও পরিবারের সদস্যদের বিরোধ চলছিল। সোমবার বিকেলে এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে রেজিয়া খাতুন মাটিতে পড়ে যান। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে হালুয়াঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেজিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে। এ সময় তার ছেলে দুলাল মিয়া ও পুত্রবধূ হোসনে আরাকে আটক করা হয়।

নিহতের প্রতিবেশী সাইদুল ইসলাম বলেন, রেজিয়া খাতুন তার প্রতিবেশী ছিলেন। মা, ছেলে ও ছেলের বউয়ের মধ্যে জমিজমা নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। সোমবার বাড়ির পাশের জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রেজিয়া খাতুনকে ধাক্কা দেওয়া হয়। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে মাটিতে ঢলে পড়া অবস্থায় দেখা যায়।

হালুয়াঘাট থানার ওসি মো. ফেরদৌস আলম বলেন, বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় দুলাল মিয়া ও তার স্ত্রী হোসনে আরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এমএসআর