লালমনিরহাট-২ আসনের বিএনপির সংসদ সদস্য রোকন উদ্দিন (বাবুল) দলীয় শৃঙ্খলা অমান্য, অনিয়ম ও বিভিন্ন পক্ষের সঙ্গে যোগসাজশ করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ তুলেছেন আদিতমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতারা।
তাদের অভিযোগ, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি দলের সঙ্গে সমন্বয় না করে নিজের মতো করে সাংগঠনিক ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন।
সোমবার (১৭ আগস্ট) বিকেল পাঁচটায় আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের শিরোনাম ছিল ‘সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন’।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সালেকুজ্জামান প্রামাণিক। লিখিত বক্তব্যের বাইরেও সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তিনি।
সালেকুজ্জামান বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে রোকন উদ্দিন দলের সঙ্গে কোনো ধরনের সমন্বয় করছেন না। নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে চলছেন। একই সঙ্গে জাতীয় পার্টি, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম এবং বিভিন্ন স্বার্থান্বেষী মহলের সঙ্গে যোগসাজশ করে ইচ্ছেমতো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। তার এমন কর্মকাণ্ডে এলাকায় বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নির্বাচনের পর রোকন উদ্দিন দলীয় নেতা-কর্মীদের নিয়ে কোনো মূল্যায়ন সভা করেননি। এলাকার সাধারণ মানুষের সঙ্গেও কোনো সৌজন্য সাক্ষাৎ করেননি। এর মধ্যেই দলের কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় নির্দেশনা উপেক্ষা করে আগামীকাল বিকেলে আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলের নাম ব্যবহার করে একটি বিধিবহির্ভূত সভা আহ্বান করেছেন তিনি। ওই সভার বিষয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের মূল নেতারা কিছুই জানেন না বলে দাবি করা হয়।
একটি ঘটনা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান নির্ধারিত সময় বেলা ১১টায় শেষ করা হয়। পরে বিধিবহির্ভূতভাবে নেতৃবৃন্দকে না জানিয়ে এমপির নির্দেশে দুপুরে আদিতমারী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে আরেকটি সভা করা হয়। বিষয়টি তৃণমূল নেতা–কর্মীদের ক্ষুব্ধ করে তোলে।
লিখিত বক্তব্যের শেষ দিকে বলা হয়, সংসদ সদস্য রোকন উদ্দিন নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আদিতমারী বিএনপিকে বিভক্ত করেছেন। নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলীয় কাঠামো দুর্বল করা এবং নিজস্ব অনুসারী তৈরি করে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। তার এসব কর্মকাণ্ডে আদিতমারী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অত্যন্ত মর্মাহত। দুর্নীতি, অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য রোকন উদ্দিন। তিনি বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এবং আগামীকাল মঙ্গলবার বিকেলে আদিতমারীতে জাতীয় সংসদ নির্বাচন–উত্তর যে কর্মী মূল্যায়ন সভা আহ্বান করেছি, সেটা বানচালের জন্য আমার বিরুদ্ধে অসত্য অভিযোগ এনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এই সংবাদ সম্মেলনে উপস্থিতদের অধিকাংশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৌশলে আমার বিরোধিতা করেছেন, তাঁরা চেয়েছেন আমি যাতে এমপি নির্বাচিত না হই। এখন আমি এমপি, তাঁরা নানা অজুহাতে আমার বিরোধিতা করে চলছেন।’
রোকন উদ্দিনের বিরুদ্ধে আদিতমারী উপজেলা বিএনপির সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে দলের লালমনিরহাট জেলার সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে প্রথম আলো। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ধরেননি। হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্ন পাঠালেও জবাব দেননি।

