ইরানে দ্বিগুণেরও বেশি হয়েছে দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি বেড়ে ৬৬ শতাংশ

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১১:৩২

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক সংঘাতের খরচের যৌথ প্রভাবে ইরানের বার্ষিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬৬ শতাংশে। মঙ্গলবার (১৮ জুলাই) ইরানের পরিসংখ্যান কেন্দ্রের প্রাতিষ্ঠানিক তথ্যের বরাতে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

আল জাজিরা জানায়, গত বছরের একই মাসের তুলনায় জুলাই মাসে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি পৌছেছে ৮৭.৯ শতাংশে। যেখানে খাদ্য ও পানীয়ের দাম বছরে ১২৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত ১২ মাসে অন্তত আটটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দ্বিগুণেরও বেশি হয়েছে। জুলাইয়ে মাসিক মূল্যস্ফীতি ছিল ৩.১ শতাংশ।

অপ্রাতিষ্ঠানিক বাজারে ডলারের বিপরীতে রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে যাওয়ায় জীবনযাত্রার সংকট তীব্রতর হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একটি শ্রমিক পরিবারের ন্যূনতম জীবনযাত্রার খরচ মাসে ৯০ মিলিয়ন তোমান (১ হাজার ৩৮৫ ডলার), অথচ একজন সর্বনিম্ন মজুরিপ্রাপ্ত শ্রমিকের মাসিক বেতন প্রায় ২৫ মিলিয়ন তোমান (৩৮৫ ডলার)—যা দিয়ে মৌলিক খরচের চার ভাগের এক ভাগের কিছু বেশি চালানো সম্ভব।

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে অনেক শ্রমিক মাসে মাত্র ৮ দিনের মতো খরচ চালাতে পারছেন। শ্রম অধিকারকর্মী ফারামার্জ তোফিকি বলেন, ‘প্রতি মাসের ২০ দিনেরও বেশি সময় শ্রমিকেরা কার্যত কোনো অর্থ ছাড়াই কাটান।’

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ