‘কেউ জানে না’: পে–স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার গান ভাইরাল

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৪:১১

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন স্কেল নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছে। এর মাঝেই ভাইরাল হয়েছে ৮০ দশকের ‘অবুঝ হৃদয়’ সিনেমার একটি গান।

প্রয়াত নায়ক জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো আলোচিত গানটি হলো ‘তুমি আমার জীবন’। জনপ্রিয় এই গানটি গেয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। 

এই গানের ‘কেউ জানে না’ কথাগুলো ছড়িয়ে পড়েছে। 

সেই গান মজার ছলে অনেকে শেয়ার করছেন। রুবেল মাহমুদ নামে একজন লিখেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে জানি না। প্রতিদিনই নতুন নতুন খবর আসে কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে কেউ জানে না। এটা কবে জানা যাবে সেটাও মনে হয় কেউ জানে না।’

এই পে–স্কেল ঘিরে আলোচনা কবে চূড়ান্ত হচ্ছে সেই প্রশ্ন অজানাই রয়ে যাচ্ছে। বরং আলোচনায় জায়গা পাচ্ছে কবে? এই ‘কবে’ প্রশ্নের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে পুরোনো বাংলা সিনেমার গানটি। 

ফারুক সাকিব নামে একজন লিখেছেন, ‘পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না। কিন্তু প্রতিদিইন এই খবর প্রকাশ পায়।’

ইউটিউবে গানটি দেখা হয়েছে ১৮ মিলিয়ন। এটি সিনেমার আলোচিত গান। সেই গানের ১৪ সেকেন্ডের ভিডিওতে জাফর ইকবাল-ববিতার ঠোঁট মেলানো অনেকেই পছন্দ করেছেন। 

‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। আর এই গানের কথা লিখেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

 

 

ইত্তেফাক/পিএস