কোটচাঁদপুরে ১৫ আগস্ট উপলক্ষে ব্যানার-ফেস্টুন টাঙানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৪:৫৪

ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৫ আগস্ট উপলক্ষে ব্যানার টাঙানোর অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত ছয় নম্বর আসামি শরিফুল ইসলাম (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটে কোটচাঁদপুর মডেল থানায় মামলাটি করেন পৌর এলাকার গাবতলা পাড়ার বাসিন্দা মো. আজিম হোসেন। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে সাবেক ছাত্রলীগ নেতা মো. নাসির উদ্দিন শুভ এবং সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ শাহিনসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ১৫ আগস্ট ভোর ৪টা থেকে ৪টা ৪০ মিনিটের মধ্যে কোটচাঁদপুর উপজেলা পরিষদের গেটের সামনে এবং উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়সংলগ্ন সড়কের পাশে দুটি ব্যানার টাঙানো হয়। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৫ আগস্ট নিহতদের ছবির পাশাপাশি নাসির উদ্দিন শুভর ছবি ছিল। 

বাদীর অভিযোগ, নাসির উদ্দিন শুভর অর্থায়ন ও শেখ শাহিনের নির্দেশে অন্য আসামিরা ব্যানার দুটি টাঙান। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানার দুটি উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোটচাঁদপুর মডেল থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। এজাহারে উল্লিখিত অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। এরই মধ্যে এজাহারভুক্ত ৬নং আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত দলের ব্যানার টাঙানো, সরকারবিরোধী স্লোগান এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে মামলাটি করা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এসজে