শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখতে পাবেন যেসব জায়গা থেকে

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ২১:৫৩

আগামী ২০২৭ সালের ২ আগস্ট আকাশে এক বিরল ও দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যেতে চলেছে। সহজে যাতায়াতযোগ্য স্থলভাগ থেকে দৃশ্যমান হওয়ার দিক দিয়ে ২১১৪ সাল পর্যন্ত এটিকে সবচেয়ে দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ হিসেবে অভিহিত করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউরোনিউজ এই তথ্য জানিয়েছে।

এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব দেখা যাবে মিসরে, যেখানে মোট ৬ মিনিট ২৩ সেকেন্ড ধরে এই মহাজাগতিক দৃশ্য স্থায়ী হবে। তুলনা করলে দেখা যায়, ২০২৬ সালের সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব ছিল মাত্র ২ মিনিট ১৮ সেকেন্ড।

এই বিরল দৃশ্য দেখার জন্য কেবল মিসরে যাওয়ার প্রয়োজন নেই; পূর্ণগ্রাসের এই পথটি ইউরোপের জিব্রাল্টার প্রণালি পেরিয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে।

বিভিন্ন দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলে এর স্থায়ী হওয়ার সময়কাল নিচে তুলে ধরা হলো:

স্পেন: মারবেলায় ৩ মিনিট ২১ সেকেন্ড এবং কাডিজে ২ মিনিট ৫৬ সেকেন্ড। স্পেনের অধীন উত্তর আফ্রিকার উপকূলীয় অঞ্চল সেউতা ও মেলিয়ায় যথাক্রমে ৪ মিনিট ৪৯ সেকেন্ড ও ৪ মিনিট ৩৪ সেকেন্ড।

জিব্রাল্টার: ব্রিটিশ ওভারসিজ টেরিটরি জিব্রাল্টারে পূর্ণগ্রাস স্থায়ী হবে ৪ মিনিট ২৮ সেকেন্ড।

ইতালি: লামপেদুসায় পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে ২ মিনিট ৫৬ সেকেন্ড।

মরক্কো: টাঙ্গিয়ারে পূর্ণগ্রাস থাকবে ৪ মিনিট ৫১ সেকেন্ড। এছাড়া তিউনিসিয়ার বিভিন্ন শহরও এই পথের অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী সাফাক্সে স্থায়িত্ব হবে ২ মিনিট ৫৬ সেকেন্ড।

সৌদি আরব: জেদ্দায় ৫ মিনিট ৫৩ সেকেন্ড এবং পবিত্র মক্কায় ৫ মিনিট ১০ সেকেন্ড স্থায়ী হবে এই পূর্ণগ্রাস।

এই দীর্ঘস্থায়ী ও রোমাঞ্চকর সূর্যগ্রহণ দেখার জন্য বিশ্বজুড়ে পর্যটকদের আগ্রহ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর ফলেগ্রহণ দেখার উপযোগী অঞ্চলের অনেক হোটেল ইতোমধ্যে বুক হয়ে গেছে এবং অবশিষ্ট আবাসনগুলোর ভাড়াও উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।

তীব্র গরম নিয়ে যাদের মনে সংশয় রয়েছে, তাদের জন্য রয়েছে স্বস্তির খবর। নাসার গ্রহণবিষয়ক বিজ্ঞানী কেলি কোরেকের মতে, পূর্ণগ্রাসের সময় আকস্মিক তাপমাত্রা হ্রাস পেয়ে কোনো কোনো এলাকায় পারদ ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

২০২৭ সালের পর আরও বেশ কিছু গ্রহণ দেখার সুযোগ থাকবে। এর মধ্যে ২০২৮ সালের ২৬ জানুয়ারি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া একই বছরের ২২ জুলাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে আরও একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ উপভোগ করা যাবে।

ইত্তেফাক/এএম