যতই দিন যাচ্ছে ততই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সাতক্ষীরায়। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় আরো ১১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে রবিবার পর্যন্ত সাতক্ষীরায় মোট ২১৮ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন ৪৬ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ১৫৫ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে আরো ১৭ জনকে। আক্রান্তদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এসব রোগীর অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এসেছেন। জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ।
আরো পড়ুন: এফআর টাওয়ারে নকশা জালিয়াতির অভিযোগে তাসভীর গ্রেপ্তার
এদিকে, ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত রয়েছে নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান। সাতক্ষীরা সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার নামে একটি মেডিকেল ক্যাম্প।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, ডেঙ্গু হলে জ্বর, পেটে ব্যথা, মাথা ব্যথা, অনেকের প্রেসার কমে যাচ্ছে। এটি প্রতিরোধে মশার কামড় থেকে দূরে থাকতে হবে। মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশপাশ পরিষ্কার করতে হবে এবং পরিত্যক্ত জিনিসপত্র পরিষ্কার রাখতে হবে। ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের পানি ও পানি জাতীয় খাদ্য (ডাব, শরবত, পেঁপে) বেশি করে খাওয়ার পরামর্শ দেন।
ইত্তেফাক/জেডএইচ
