প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিশ্বজিৎ হত্যা মামলার আসামি শাকিল

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ২২:৫২

দেশজুড়ে আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) আসর নামাজের পর পটুয়াখালী শহরের কর ভবন জামে মসজিদের সামনে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য আইনি প্রক্রিয়ায় শাকিলকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়। পরে স্বজনদের সঙ্গে জানাজায় অংশ নিতে দেখা যায় তাকে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার মাগরিবের সময় শাকিলের মা মারা যান। তার মৃত্যুর পর আজ কর ভবন জামে মসজিদের সামনে জানাজার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর মায়ের শেষ বিদায়ের মুহূর্তে ছোট ছেলেকে পাশে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যেও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

শাকিলের বড় ভাই মো. শাহিন বলেন, ‘আমার ভাই ষড়যন্ত্রের শিকার। মামলায় যাদের আসামি করা হয়েছিল, তাদের অনেকেই জামিন পেয়েছেন। কিন্তু আমার ভাই জামিন পায়নি। আমরা একমাত্র বিএনপি পরিবার হওয়ায় বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েছি।’

শাহিন আরও বলেন, ‘আমার মা আজ আর বেঁচে নেই। শেষবারের মতো মাকে দেখতে এবং তাঁর জানাজায় অংশ নিতে আমার ছোট ভাই এসেছে। মায়ের মৃত্যুর সময় ছেলেকে কাছে পাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের এবং আবেগের বিষয়।’

মায়ের জানাজা শেষে শাকিলকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয় বলেও জানান শাহিন।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর পুরান ঢাকায় অবরোধ চলাকালে পথচারী বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মামলার তদন্তে রফিকুল ইসলাম ওরফে শাকিলসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মীর নাম আসে। তৎকালীন তদন্ত ও আদালত-সংক্রান্ত প্রতিবেদনে শাকিলকে বিশ্বজিৎকে চাপাতি দিয়ে কোপানোর সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছিল।

ইত্তেফাক/এমএস