আল-কায়েদা ইস্যুতে জাতিসংঘের প্রতিবেদন ‘ফ্যাসিস্টদের প্রোপাগান্ডা’ হ‌তে পা‌রে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ২৩:১৪

আল-কায়েদা ইস্যুতে জাতিসংঘের প্রতিবেদন বিগত ‘ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা’ হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ অ‌ভি‌যোগ ক‌রেন তি‌নি।

শামা ওবায়েদ বলেন, আল-কায়েদা সম্পর্কিত এ ধরনের বক্তব্য বাংলাদেশ সমর্থন করে না। বিগত আওয়ামী লীগ সরকার অতীতে এ ধরনের অপপ্রচার চালিয়েছে এবং এটি তাদের রাজনৈতিক কৌশলের অংশ ছিল।

তি‌নি ব‌লেন, জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে যে তথ্য উঠে এসেছে, সেটিকে ‘ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা’ হতে পারে। এ বিষয়ে জাতিসংঘের কাছে তথ্য-উপাত্তের ভিত্তি জানতে চাইবে বাংলাদেশ। 

আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনেও এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান বক্তব্য দেবেন বলে জানান তিনি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক এক প্রতিবেদনে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা একিউআইএস কর্তৃক বাংলাদেশে গোপন সেল ও নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবদেন আমলে না নেওয়ার কথা ব‌লে‌ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (গতকাল) স্বরাষ্ট্রমন্ত্রী স‌চিবাল‌য়ে এ প্রসঙ্গে ব‌লে‌ছেন, আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া, পত্রিকা থেকে আমি যতটুকু শুনেছি, ওখানে বলা হয়েছে তারা অনুমান করেছে যে, এ রকম হতে পারে। অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।

 
ইত্তেফাক/এমএস