প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০০:১৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নবনিযুক্ত চার সদস্য প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয়। প্রায় এক ঘণ্টা তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

সৌজন্য সাক্ষাতে স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ অংশ নেন। 

সাক্ষাতের বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। উনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে যে চিন্তা থেকে আমাদের অন্তর্ভুক্ত করেছেন। আমরা সে দায়িত্ব সর্বাত্মকভাবে পালনের চেষ্টা করব।’

এর আগে সকালে স্থায়ী কমিটি নতুন চার সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের চার নেতা রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করেন। এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চার নেতাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখার আশা প্রকাশ করে বিএনপি।

বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে কমিটির কয়েকটি পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব পদে নতুন সদস্য যুক্ত করা হলেও এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো।

বিএনপির স্থায়ী কমিটি ১৯ সদস্য বিশিষ্ট। নতুন চারজন যুক্ত হওয়ার আগে কমিটিতে ছিলেন ১৩ জন সদস্য। তাঁরা হলেন—তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী করা হয়। এরপর তিনি মহাসচিবসহ দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে স্থায়ী কমিটিতে আরেকটি পদ শূন্য হলো। এ ছাড়া রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন থেকে রাজনীতিতে সক্রিয় নেই।

 
ইত্তেফাক/এমএস