হরমুজ প্রণালিতে পুনরায় তেল বোঝাই শুরু করল সৌদি আরামকো

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০১:১৭

ট্যাংকার বহরে হামলার জেরে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর হরমুজ প্রণালি থেকে পুনরায় তেল বোঝাই কার্যক্রম শুরু করেছে সৌদি আরবের শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠান আরামকো। গত সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং বর্তমানে আরও বেশ কয়েকটি ট্যাংকার তেল নেওয়ার অপেক্ষায় রয়েছে বলে জাহাজ চলাচল ও বাণিজ্য-সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

কার্যক্রম শুরুর পর গত সোমবার এশীয় পরিশোধনাগারগুলোর কাছে ‘আরব মিডিয়াম’ এবং ‘আরব হেভি’ অপরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দেয় আরামকো। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে একটি জাহাজ থেকে অন্য জাহাজে হস্তান্তরের মাধ্যমে এসব তেলের চালান সরবরাহ করার কথা জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ১২ থেকে ১৬ আগস্টের মধ্যে জুয়াইমাহ ও রাস তানুরা টার্মিনাল থেকে অতিবৃহৎ তিনটি জাহাজ তেল বোঝাই করেছে। ‘মালয়েশিয়া প্রসপারিটি’, ‘আলজেরিয়া প্রসপারিটি’ এবং ‘সিঙ্গাপুর প্রসপারিটি’ নামের এই জাহাজগুলোর প্রতিটিতে ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল সরবরাহ করা হয়েছে।

গত মাসে হরমুজ প্রণালিতে আরামকোর তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। এর পরপরই নিরাপত্তার স্বার্থে কয়েক সপ্তাহের জন্য নিজেদের বিক্রি ও সরবরাহ বন্ধ রেখেছিল প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের ধারণা, আরামকো পুনরায় তেল সরবরাহ শুরু করায় বিশ্ববাজারে অপেক্ষাকৃত ভারী অপরিশোধিত তেলের যে সাময়িক ঘাটতি তৈরি হয়েছিল, তা এবার কেটে যাবে। এ ধরনের অপরিশোধিত তেল থেকে তুলনামূলক বেশি অবশিষ্টাংশ পাওয়া যায়, যা সরাসরি জাহাজের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়া প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এটি থেকে পেট্রল ও ডিজেলের মতো প্রয়োজনীয় পণ্যও উৎপাদন করা হয়।

তবে পুনরায় কার্যক্রম শুরু করার বিষয়ে সৌদি আরামকোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। পাশাপাশি ট্যাংকারগুলোর মালিকানা প্রতিষ্ঠান সিনোকোরও রয়টার্সের কাছে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইত্তেফাক/এনএন