চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে একাধিক পথচারীকে আহত করার পর বিক্ষুব্ধ জনতা গাড়িটি ধাওয়া করে থামিয়ে ভাঙচুর চালিয়েছে। মঙ্গলবার দুপুরে হাটহাজারী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গাড়িতে থাকা এক তরুণীসহ ভাঙচুরের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি এলাকা থেকে ‘চট্টমেট্রো-ল ১৮৪৭’ নম্বরের একটি লাল রঙের প্রাইভেটকার মাত্রাতিরিক্ত গতিতে চট্টগ্রামের দিকে আসছিল। যাত্রাপথে নাজিরহাট, সরকারহাট ও মুনিয়া পুকুরপাড়সহ বেশ কয়েকটি স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। এতে বেশ কয়েকজন পথচারী আহত হলে স্থানীয়রা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশে খবর দেন।
একপর্যায়ে স্থানীয় লোকজন ও আহতরা গাড়িটিকে ধাওয়া শুরু করলে চালক গাড়ি না থামিয়ে আরও দ্রুত গতিতে চালিয়ে পালানোর চেষ্টা করেন। অবশেষে হাটহাজারী বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা গাড়িটির গতিরোধ করে আটকে ফেলে। এ সময় বিক্ষুব্ধ জনতা গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি বেগতিক দেখে চালকের আসনে থাকা তরুণ দ্রুত পালিয়ে গেলেও গাড়িতে থাকা এক তরুণী জনতার হাতে অবরুদ্ধ হয়ে পড়েন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার কবল থেকে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে গাড়িতে থাকা তরুণী এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানের বরাতে ওসি আরও জানান, গাড়িচালক ওই তরুণ মাদকাসক্ত অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নেশাগ্রস্ত থাকার কারণেই তিনি সড়কে এমন নিয়ন্ত্রণহীন ও বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

