জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) দেশের প্রথম প্লাস্টিকমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনার জন্য তিনি ৪৬টি প্লাস্টিকের এবং ৪২টি স্থায়ী ওয়েস্ট বিনের উদ্বোধন করেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ বিষয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জাকসু ও ইউনাইটেড ন্যাশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের (ইউএনআইডিও) সহযোগিতায় ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা চর্চা ও উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি শুরু করতে পারে, আমরা হয়ত সরকারের পক্ষ থেকে ঘোষণা দিতে পারি—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম বিশ্ববিদ্যালয়, যে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা করছে। তাহলে সেটা আপনাদের জন্য যেমন সম্মানের ব্যাপার হবে, সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্যও একটা নতুন বার্তা দেবে—‘ইয়েস, উই ক্যান, আমরাও পারি’।’
তিনি বলেন, সিঙ্গেল-ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে হবে। অনেক ক্ষেত্রে প্রয়োজন না থাকলেও পলিথিন ব্যবহার করা হচ্ছে। মুদি, সবজি ও ফলের দোকানে পলিথিনের পরিবর্তে পচনশীল ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য শুধু আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করলে হবে না; মানুষের দায়িত্বশীল আচরণও নিশ্চিত করতে হবে। যারা যত্রতত্র বর্জ্য ফেলেন, তাদের জবাবদিহির আওতায় এনে নিজেদের ফেলা বর্জ্য পরিষ্কারে সম্পৃক্ত করা উচিত।

