সালমান শাহ হত্যা মামলার আলোচনার মধ্যেই শাবনূরের ৫ শব্দের রহস্যময় বার্তা

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৬:৫৮

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে নতুন করে শুরু হওয়া আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় একটি বার্তা দিয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের কয়েকটি ছবির সঙ্গে ক্যাপশনে মাত্র পাঁচ শব্দের এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে শাবনূর সরাসরি সালমান শাহ হত্যা মামলা বা নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি। তবে সালমানের মৃত্যু নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে নতুন করে আলোচনা শুরু হওয়া এবং এ ঘটনায় শাবনূরকে জড়িয়ে নানা অভিযোগ ওঠার পরই এই স্ট্যাটাস দিলেন তিনি। যা নেটিজেনদের মধ্যে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) ওমর ফারুক ফারুকী সংবাদমাধ্যমের কাছে অভিনেতা ডনের দেওয়া পুরোনো একটি জবানবন্দির তথ্য প্রকাশ করেন। ডনের জবানবন্দির বরাত দিয়ে তিনি জানান, ঘটনার দিন সালমানের বাসায় তাঁর স্ত্রী সামিরা ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। শুরুতে সালমানের নাক-মুখে ক্লোরোফর্ম দিয়ে তাঁকে অচেতন করা হয় এবং পরে বিশেষ ইনজেকশন দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে মরদেহ ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। ডন নিজেই দড়িটি নিজের কোমরে পেঁচিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন বলে জবানবন্দিতে স্বীকার করেছিলেন।

সালমান শাহর মৃত্যুর পর থেকেই বিভিন্ন সময় এর পেছনের রহস্য উন্মোচন এবং আসামিদের শাস্তির দাবি জানিয়ে আসছেন তাঁর ভক্তরা। পাশাপাশি এই ঘটনার সঙ্গে শাবনূরের সম্পৃক্ততার অভিযোগ তুলেও বিভিন্ন সময় তাঁকে গ্রেপ্তারের দাবি উঠেছে।

নব্বইয়ের দশক থেকেই সালমান-শাবনূর জুটিকে ঘিরে প্রেমঘটিত নানা গুঞ্জন প্রচলিত ছিল। তবে শাবনূর বরাবরই দাবি করে এসেছেন, সালমানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল সম্পূর্ণ ভাই-বোনের মতো। সম্প্রতি সালমানের মা নীলা চৌধুরীও এই গুঞ্জন নাকচ করে দিয়েছেন। তিনি শাবনূরের বক্তব্যকে সমর্থন করে জানান, তাঁর ছেলের সঙ্গে এই অভিনেত্রীর কোনো প্রেমের সম্পর্ক ছিল না।

ঢাকাই সিনেমার ইতিহাসে সালমান শাহ ও শাবনূর অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় জুটি হিসেবে সমাদৃত। ‘তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁদের একসঙ্গে পথচলা শুরু হয়। এরপর এই জুটি ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘মহামিলন’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ মোট ১৪টি সিনেমায় অভিনয় করেন।

ইত্তেফাক/এনএন