চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৭:১৩

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশের আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা সিমমিন (২৫), সন্তান স্বর্ণ শীষ দত্ত (৩) এবং শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন। 

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেবাশীষ দত্ত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও দেবাশীষ দত্ত চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশি সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় এবং তার শ্বশুর আকরাম আলীর বাড়ি থানাপাড়া এলাকায়। 

পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। দেবাশীষের আট বছর বয়সী অপর একটি কন্যা সন্তান এবং বাবা-মা রয়েছেন।    

নিহতদের পরিবার জানায়, নিহতদের অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন।

ইত্তেফাক/এনএ