কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কাগারচর গ্রামের নুরু মিয়া (৬০) ও আনোয়ারা (৫৮)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
এ ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- তাদের মেয়ে মারজিয়া খাতুন এবং জাহাঙ্গীর ও মাহিম। আহতদের মধ্যে মেয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় , বুধবার দুপুরের দিকে পাকুন্দিয়া থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাছের পোনা বহনকারী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা নুরু মিয়া ও তার স্ত্রী আনোয়ারা ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে নুরু মিয়া ও আনোয়ারার মেয়ে মারজিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার পর মাছবাহী ট্রাকটি পালিয়ে গেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

