সশস্ত্র বাহিনীতে ফেরত যাচ্ছেন কারা মহাপরিদর্শক মোতাহের হোসেন

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ২১:১০

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান প্রেষণ পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি সশস্ত্র বাহিনীতে ফেরার পর একটি নতুন ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে যাচ্ছেন।

২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। দীর্ঘ দুই বছর এই পদে সফলভাবে দায়িত্ব পালন শেষে এখন তিনি নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করলেন।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি অনুমোদন অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিরক্ষা শাখার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মোতাহের হোসেনের স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। প্রজ্ঞাপন অনুযায়ী, অবিলম্বে তার সেনাবাহিনীতে যোগদানের প্রক্রিয়া শুরু হবে।

ইত্তেফাক/এনএন