অল্প সময়ের ব্যবধানে একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ২৩:২২

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে মনজুরুল ইসলাম (১৮) ও নাজমুল ইসলাম (১৮) নামের দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় লবণচরা থানাধীন আশিবিঘা কালভার্ট সংলগ্ন স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় আশিবিঘা কালভার্ট এলাকায় আড্ডা দিতে যাচ্ছিলেন মঞ্জু। এ সময় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছোড়ে। দুটি গুলি তার শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মঞ্জু পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি এবং তিনি আশিবিঘা এলাকার বাসিন্দা খোকন সানার ছেলে।

মঞ্জুকে গুলি করার কিছুক্ষণের মধ্যেই একই এলাকায় নাজমুল নামের অপর এক তরুণকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা, যার ফলে তারও মৃত্যু হয়। নিহত নাজমুল স্থানীয় মনির শেখের ছেলে। একই স্থানে খুব অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়েছে।

এ প্রসঙ্গে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, জোড়া হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে এবং কারা এতে জড়িত, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে অভিযান শুরু করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

 

ইত্তেফাক/এএম