রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না মির্জা আব্বাস

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৪:২৫

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। নির্বাচনে ভোট দেওয়ার কথা রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের।

তবে অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

ভোট দিতে না পারার বিষয়টি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন মির্জা আব্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন বর্তমানে শূন্য রয়েছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। তবে মির্জা আব্বাস দেশের বাইরে থাকায় আজকের নির্বাচনে কার্যত ভোট দেওয়ার সুযোগ থাকছে ৩৪৮ জন সংসদ সদস্যের।

জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষেই নির্ধারিত সময় অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

ইত্তেফাক/এসএ