চুয়াডাঙ্গায় দর্শনা হিজলগাড়ি বাজারের তিনটি বড় ব্যবসা প্রতিষ্ঠানের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে সর্বহারা সংগঠনের একটি প্যাডে চিঠি পাঠানো হয়েছে। এই ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।
‘বাংলাদেশ সর্বহারা পার্টির’ প্যাডে চিঠি দেওয়ার বিষয়টি বৃহস্পতিবার (২০ আগস্ট) পুলিশকে জানান ভুক্তভোগীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিভিন্ন সময়ে ওই বাজারের তিনজন ব্যবসায়ীর কাছে মোটা অংকের চাঁদা চেয়ে চিঠি পাঠানো হয়।
চাঁদা চেয়ে এতে লেখা হয়, ‘আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশ সর্বহারা পার্টি খুব শীঘ্রই বাংলাদেশ নির্বাচন কমিশন, ঢাকা হতে নিবন্ধিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আমাদের সংগঠনের অনেক টাকার প্রয়োজন হওয়ায় আমরা সর্বসম্মতিক্রমে আপনার নিকট ধার্যকৃত এককালীন অনুদান বা চাঁদা হিসাবে ২০ (কুড়ি) লক্ষ টাকা অনুদান দিবেন আশা করি। আপনার যেহেতু এই এলাকায় ব্যবসা করছেন সেহেতু বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে আপনার এলাকার আমাদের সংগঠনের আঞ্চলিক কোষাধ্যক্ষ জনাব শাকির আহমেদ (শিমুল)-এর মোবাইল নম্বর ০১৭.....৮১-এ, গ্রাম নলবিলা, পো. বেগমপুর, জেলা-চুয়াডাঙ্গা-এর নিকট জমা প্রদান করবেন।’
পুলিশ ও বাজার কমিটির সভাপতি আমিরুল ইসলাম সম্পাদক হাজী নুরুল আমিন জানান, একইভাবে বাজারের ফাতেমা ডায়াগনস্টিক সেন্টারের কাছে ২০ লাখ টাকা, শেখ রাসেল স্টোরের কাছে ২০ লাখ ও মালিথা ট্রেডার্সের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে বুধবার সর্বহারা সংগঠনের প্যাডে লিখে বাইপোস্টে এই তিনজনের কাছে চিঠি পাঠিয়েছে। পরে বিষয়টি আমরা দর্শনা থানায় জানিয়েছি।
চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা- জীবননগর সার্কেল) মোহাম্মদ নুরুল্লাহ জানান, বিষয়টি বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন করেছি, তদন্ত শুরু হয়েছে। শেষ হলে বোঝা যাবে এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা।

