ম্যাকাই টেস্টে দুর্দান্ত মাইলফলকের হাতছানি মুশফিকের সামনে 

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ২১:২৯

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ধরাশায়ী হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৯ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই টেস্টে দুর্দান্ত মাইলফলকের হাতছানি অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের সামনে। 

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড মুশফিকের দখলে। একমাত্র টাইগার ব্যাটার হিসেবে ছয় হাজারি ক্লাব থেকে এবার ৭০০০ রান স্পর্শ করার হাতছানি তার সামনে। 

টেস্ট ক্রিকেটে মুশফিকের রান ১০৪ ম্যাচের ১৯১ ইনিংসে ৬৮৪২। অর্থাৎ বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে এই সংস্করণের সাত হাজারি ক্লাবে ঢুকতে তার দরকার আর ১৫৮ রান। 

টেস্টে ৩৯ বছর বয়সী মুশফিকের গড় ৩৯.০৯। ১৪টি সেঞ্চুরির সঙ্গে ২৯টি ফিফটি আছে এই ডানহাতি ব্যাটারের নামের পাশে। এর মধ্যে তিনটি আবার ডাবল সেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ২১৯ রানের ইনিংস তিনি খেলেছিলেন ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে।

আর কোনো টাইগার ব্যাটারের ৬০০০ রান নেই সাদা পোশাকের ক্রিকেটে। দুইয়ে থাকা বাঁহাতি ব্যাটার মুমিনুল হক ৭৯ টেস্টের ১৪৭ ইনিংসে ৫২১০ রান করেছেন ৩৮.৩০ গড়ে। সাবেক ওপেনার ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল এই তালিকায় তিন নম্বরে আছেন। ৭০ টেস্টের ১৩৪ ইনিংসে ৩৮.৮৯ গড়ে তার রান ৫১৩৪।  

ইত্তেফাক/জেডএইচ