দল-মতের ঊর্ধ্বে উঠে নতুন রাষ্ট্রপতিকে দায়িত্ব পালনের আহ্বান চরমোনাই পীরের

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ২১:৩১

বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান এবং দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনের জন্য নতুন রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ‘বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে অলংকারিক দায়িত্ব পালন করতে হয়। তবে সংবিধান রাষ্ট্রপতিকে দলীয় বৃত্তের বাইরে থাকতে বাধ্য করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ত্যাগ করেছেন। বিএনপির মহাসচিবের পদ থেকে তাকে পদত্যাগ করতে হয়েছে। এর কারণ হলো, রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্যের ও সর্বজনের আস্থার প্রতীক। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন করার অনুরোধ করছি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘রাজনীতিতে সততা এখন বিরল বিষয়ে পরিণত হয়েছে। সেখানে নবনির্বাচিত রাষ্ট্রপতি সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি। একই সঙ্গে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একজন পোড়খাওয়া সেনাপতি। সুষ্ঠু রাজনীতির বিকাশে তার সাধনা সর্বজনবিদিত। এমন ব্যক্তি রাষ্ট্রপতির আসনে সমাসীন হওয়া রাজনীতির জন্য ইতিবাচক।’

তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করি, ‘যে আশাবাদ নিয়ে তিনি বঙ্গভবন যাচ্ছেন সেই আশাবাদকে কাজে রূপান্তর করতে পারবেন। আমরা তার সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করি।’

 
ইত্তেফাক/এসএইচ