‘এসি বিস্ফোরণ’ থেকে কলকাতায় হোটেলে আগুন

নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৩:০০

এসি বিস্ফোরণ থেকে কলকাতার ‘শিখা ইন’ হোটেলে আগুন লাগে বলে ধারনা করছে পুলিশ। এ ঘটনায় হোটেলের লিজ হোল্ডার আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া হোটেলের ম্যানেজার ও এক স্টাফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত গতকাল বৃহষ্পতিবার সমপন্ন হয়েছে। তাদের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে জানা গেছে, মৃত দেবাশীষ দত্তের পরিবারের এক সদস্য কলকাতায় এসেছেন। আশা করা যাচ্ছে আজ শুক্রবার তাদের পরিবারের ৪ জনের মরদেহ বাংলাদেশে পাঠানো সম্ভব হবে। অন্যদের পরিবারের সদস্যরা এখনও এসে পৌঁছতে পারেননি। তারা এলে প্রক্রিয়া শুরু হবে। তবে কয়েকজনের পাসপোর্ট আগুনে পুড়ে যাওয়ায় নথিপত্র সংক্রান্ত প্রক্রিয়ায় একটু সময় লাগতে পারে।

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, হোটেলের তিনতলার রিসেপশনে থাকা এসির কিছু অংশ ফুলে গিয়েছিল। ধারনা করা হচ্ছে সেখানে বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে। পরে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ভবনে। সেই বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান ৭ বাংলাদেশিসহ ৯ অতিথি।

দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল স্কুল কর্তৃপক্ষ

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বাবা-মা ও ছোট ভাইকে হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবশীষ দেবাশীষ দত্তের কেজি শ্রেণির ছাত্রী মহিমার (৭) পাশে দাঁড়িয়েছে স্কুল কর্তৃপক্ষ। শহরের বেসরকারি এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল গতকাল বৃহষ্পতিবার সকালে দেবাশীষের বাড়িতে এসে তার বাবা-মাকে সান্তনা দেন। পাশাপাশি এতিম মহিমাকে স্কুল স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বিনা খরচে পড়াশোনা করানোর দায়িত্ব নেন ।

এদিকে দেবাশীষের পরিবারের সদস্যরা লাশ কখন দেশে আসবে সেই অপেক্ষায় প্রহর গুনছে।  কুষ্টিয়া সদর আসনের এমপি মুফতি আমির হামজা বুধবার রাতে সাংবাদিক দেবাশীষের বাড়িতে যান এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

দেবাশীষের নিজ বাড়ি ও শ্বশুর বাড়িতে থামেনি শোকের মাতম। তার মা স্বপ্না দত্তের আহাজারিতে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে। অন্যদিকে বাবা দিলিপ দত্ত  নির্বাক হয়ে গেছেন। এছাড়া দেবাশীষের শ্বশুড়ি আফরোজা পারভীন স্বামীকে হারিয়ে শোকে মূহ্যমান।

দেবাশীষের শ্বাশুড়ি আফরোজা পারভীন জানান, লাশ দেশে আনতে বুধবার সকালে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন তার বড় জামাই ফিরোজ হোসেন। সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আজ শুক্রবার বিকাল নাগাদ নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চার সদস্যের লাশ দেশে এসে পৌঁছবে বলে তিনি জানান।

ইত্তেফাক/এএম